Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

সাধারণ পাসপোর্টে সুযোগ মাত্র একটিতে

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে চুক্তি থাকলেও সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান না। বিদ্যমান চুক্তি অনুযায়ী, কেবল মালদ্বীপের ক্ষেত্রেই বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ রয়েছে। বাকি দেশগুলোর ক্ষেত্রে এ সুবিধা সীমাবদ্ধ কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য।

১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভিসা অব্যাহতি চুক্তির একটি তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। ওই তালিকায় বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৩৪টি দেশের নাম এবং কোন ধরনের পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতির সুবিধা পাবেন, তা উল্লেখ করা হয়েছে।

তালিকা অনুযায়ী, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সবচেয়ে বিস্তৃত। দেশটির সঙ্গে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—তিন ধরনের পাসপোর্টধারীর জন্যই ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ রয়েছে। একই সুবিধা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ মালদ্বীপের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ভিসা অব্যাহতি পাবেন।

তবে এ সুবিধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের কেউই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ ভিসা অব্যাহতি সুবিধা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ পর্যটন বা অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে যাতায়াতের সুযোগ থাকলেও চাকরি বা কাজের জন্য যেতে হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী ভিসা নিতে হবে।

কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে ৩১ দেশে ভিসা ছাড়

মালদ্বীপ ছাড়া আরও ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব দেশের ক্ষেত্রে সুবিধাটি শুধু কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। সাধারণ পাসপোর্টধারীরা এসব চুক্তির আওতায় ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন না।

দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

জাপান ও উজবেকিস্তানে শুধু কূটনৈতিক পাসপোর্টে সুবিধা

এদিকে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে আরও সীমিত পরিসরে। এ দুই দেশের ক্ষেত্রে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। অফিশিয়াল কিংবা সাধারণ পাসপোর্টধারীরা এ সুবিধার আওতায় পড়বেন না।

চুক্তি থাকলেই সাধারণ পাসপোর্টে ভিসামুক্ত ভ্রমণ নয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা থেকে স্পষ্ট, বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সব দেশের ক্ষেত্রে সুবিধার ধরন এক নয়। কোনও দেশের সঙ্গে চুক্তি সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টের জন্য কার্যকর, আবার কোনও দেশের ক্ষেত্রে তা কেবল নির্দিষ্ট শ্রেণির পাসপোর্টধারীদের মধ্যে সীমাবদ্ধ।

ফলে ভিসা অব্যাহতি চুক্তির আওতায় ৩৪টি দেশের নাম থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য প্রকৃত ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র একটি দেশে—মালদ্বীপে। অন্য দেশগুলোতে যেতে সাধারণ পাসপোর্টধারীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত ভিসানীতি অনুসরণ করতে হবে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬