ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
‘গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা’
ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। বায়ার্ন মিউনিখের এই তারকার সঙ্গে স্ত্রী ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় আনিকা ন্যয়ারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় আনিকার কয়েকটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। পোস্টগুলোতে অবিশ্বস্ততা, গর্ভাবস্থায় প্রতারণা এবং অন্য কাউকে বেছে নেয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।
আনিকা একটি পোস্টে লিখেছেন, একজন গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা করা শয়তানির অন্য মাত্রা। এরপর তিনি ব্যাখ্যা করেছেন, যে নারী আপনার সন্তানকে গর্ভে ধারণ করছেন, শারীরিক পরিবর্তন ও গর্ভাবস্থার নানা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে গোপনে বিশ্বাসঘাতকতা করা কতটা নিষ্ঠুর আচরণ।
আরেকটি পোস্টে আনিকা লিখেছেন, একজন নারী যখন নিজের সন্তানকে গর্ভে ধারণ করছেন, তখন তার সঙ্গীর অন্য কারও সঙ্গে সময় কাটানো শুধু ভুল নয়, বরং এটি একটি স্বার্থপর ও অসম্মানজনক সিদ্ধান্ত। তার ভাষায়, যে নারী সবচেয়ে বেশি ভালোবাসা, সুরক্ষা ও সমর্থন পাওয়ার কথা, তাকেই যদি যন্ত্রণা সহ্য করতে হয়, তাহলে সেটি আনুগত্যের অভাবের পাশাপাশি ন্যূনতম শালীনতা ও শ্রদ্ধাবোধেরও অভাব।
যদিও কোনও পোস্টেই ন্যয়ারের নাম উল্লেখ করেননি আনিকা। সরাসরি পরকীয়ার অভিযোগও তোলেননি তিনি। তবে পোস্টের বক্তব্য এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়ে জার্মান সংবাদমাধ্যমগুলোর ধারণা, দাম্পত্য সম্পর্ক ভাঙার পেছনের অভিজ্ঞতা ও কষ্টই পরোক্ষভাবে তুলে ধরেছেন আনিকা।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ব্রাজিলে ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে দেখা গেছে ন্যয়ারকে। ওই নারী তার ফিজিওথেরাপিস্ট। তবে তাদের সম্পর্ক পেশাগত সীমার বাইরে গড়িয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। বায়ার্ন মিউনিখের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিল্ড জানিয়েছে, কয়েক মাস ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ দিকে ইতালির সিসিলি দ্বীপে একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। এরপর গত ১৫ নভেম্বর ব্রাজিল যান দুজন। সেখানে একটি বিলাসবহুল রিসোর্টের একই স্যুইটে ছিলেন বলে দাবি করেছে বিল্ড। রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে উপকূলীয় শহর বুজিওসে তাদের একসঙ্গে থাকার ভিডিওও প্রকাশিত হয়েছে।
এ সফরকে ঘিরে আলোচনা আরও বেড়েছে। কারণ, গত আগস্টের শেষ দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনিকা। বিল্ডের দাবি, সন্তান জন্মের কয়েক দিন পরই স্ত্রীকে বিয়ের সম্পর্ক শেষ করার কথা জানান ন্যয়ার। ওই তরুণীর সঙ্গে ন্যয়ারের ঘনিষ্ঠতার বিষয়টি আনিকা আগেই জানতেন বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
তবে জার্মান সম্প্রচারমাধ্যম আরটিএলের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিচ্ছেদ হয়েছে আরও আগে, গত অক্টোবরের শুরুতে। সে সময় ন্যয়ার পারিবারিক বাড়ি ছেড়ে চলে যান। দুই সন্তানকে নিয়ে বাড়িতে থেকে যান আনিকা।
গত ১৩ নভেম্বর জার্মান সংবাদমাধ্যমগুলো প্রথম তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করে। বিল্ডের সূত্রের দাবি, ন্যয়ারের এমন সিদ্ধান্তে তার বন্ধুমহল ও আনিকার পরিবার বিস্মিত এবং ক্ষুব্ধ। বর্তমানে আনিকার প্রধান অগ্রাধিকার দুই সন্তানের সুস্থতা ও ভালো থাকা।
ন্যয়ার ও আনিকার সম্পর্ক প্রায় ছয় বছরের। ২০২৩ সালের ১২ নভেম্বর ছোট পরিসরে আইনি বিয়ে করেন তারা। ২০২৪ সালের ১৪ মার্চ তাদের প্রথম সন্তান লুকার জন্ম হয়। গত আগস্টের শেষ দিকে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।
সবার দেশ/কেএম




























