Sobar Desh | সবার দেশ নাঈমা খন্দকার


প্রকাশিত: ০১:০৫, ২৭ নভেম্বর ২০২৬

উপন্যাস

মায়াবতীর আবির

মায়াবতীর আবির
ছবি: সবার দেশ

(১ম পর্ব)

মায়াবতীর বয়স তখন ষোলো। নবম শ্রেণিতে পড়ে। বাবা, মা, বোন আর গুটিকয়েক বন্ধুবান্ধব নিয়েই তার ছোট্ট পৃথিবী। সেই পৃথিবীতে আবিরের নামটা ঢুকেছিল এক বিয়েবাড়িতে। বিয়েতে যোগ দিতে সে এসেছিল সপ্তাহখানেকের জন্য। তার নাম মায়াবতী আগেই শুনেছিল। প্রথম কথা হলো এক নির্জন দুপুরে, তপ্ত উঠানে।

মায়াবতী তখন একসঙ্গে দুটো চেয়ার টেনে নিয়ে যাচ্ছিল। একটার পায়া মাদুরের কোণে আটকে গেছে। সে যতই টানছে, মাদুরটাও সঙ্গে গুটিয়ে আসছে। আবির এসে অন্য চেয়ারটা তুলে নিয়ে বলল, একটা আমাকে দিলেই তো হয়। তুই কি একাই পুরো বিয়েবাড়ি সামলাবি?

মায়াবতী সঙ্গে সঙ্গে বলল, পারব তো। আপনি আগে ওই চেয়ারটা ঠিক জায়গায় রাখেন।

আবির হেসে চেয়ারটা নিয়ে গেল। একটু পর মায়াবতী দেখল, সে ফিরে এসেছে মাদুরের কোণটা ঠিক করে দিতে।

তারপর থেকে বিয়েবাড়ির ভিড়ে দিনে কতবার যে ওদের দেখা হতো! কখনো সিঁড়ির কাছে, কখনো উঠানে। মায়াবতী কোনো গল্প শুরু করলে আবির মন দিয়ে শুনত। মাঝখানে কেউ কাজে ডাকলে উঠে যেত ঠিকই, আবার ফিরে এসে বলত, তারপর কী হলো? তুই তো গল্পটা শেষ করলি না।

এত লোকের আসা-যাওয়ার মধ্যে তার আধখানা গল্পটাও যে বিশেষ কারও মনে থাকে, মায়াবতীর সেটা বড় ভালো লাগত।

আবিরের হাতে প্রায় সব সময় এক প্যাকেট তাস থাকত। সে উঠানের এক কোণে চেয়ার টেনে বসলেই বাচ্চারা ছুটে আসত। একদিন ছোট্ট রবিনকে বলল, একটা তাস তুলে মনে রাখ। আমাকে দেখাবি না।

রবিন তাসটা দেখে বুকের কাছে চেপে ধরল। তারপর আবিরের কথামতো প্যাকেটের ভেতর ঢুকিয়ে দিল। আবির কয়েকবার তাসগুলো মিশিয়ে একটা তাস তুলে ধরতেই রবিন চেঁচিয়ে উঠল, এইটাই! ভাইয়া, তুমি নিশ্চয়ই দেখেছ!

আবির হেসে বলল, তুই তো বুকের কাছে চেপে রেখেছিলি। আমি দেখলাম কখন?

বাচ্চাদের পেছনে দাঁড়িয়ে মায়াবতী এতক্ষণ আবিরের আঙুলের দিকে তাকিয়ে ছিল। কখন কী করল, কিছুই ধরতে পারল না। হাত বাড়িয়ে বলল, তাসগুলো একবার দেবেন?

আবির প্যাকেটটা তার হাতে দিল। জীবনে সেই প্রথম তাস হাতে নিল মায়াবতী। আবিরের মতো এক হাতে পাখার মতো মেলে ধরতে গিয়ে দুটো তাস ফসকে পড়ল। সেগুলো তুলে আবার চেষ্টা করল। এবার প্রায় অর্ধেক তাস মেঝেতে ছড়িয়ে গেল। রবিন কুড়াতে কুড়াতে এমন হাসছিল যে মায়াবতীও আর গম্ভীর থাকতে পারল না।

আবির চেয়ারের তলা থেকে শেষ তাসটা তুলে দিয়ে বলল, আয়, আগে তাস ধরতে শেখ।

মায়াবতী এবার তাসগুলো দুহাতে চেপে ধরে বলল, শুধু ধরতে শিখলে হবে না। ম্যাজিকও শেখাতে হবে।

‘‘তোকে শিখিয়ে দিলে কাল থেকে আমার খেলা দেখতে আসবে কে?’’

‘‘আমি আসব। তবে কোথায় ভুল করছেন, সেটাও বলে দেব।’’

আবির হেসে উঠল। সেদিন আর শেখাল না। মায়াবতীও ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না। পরের দুদিন দেখা হলেই মনে করিয়ে দিল। শেষে এক বিকেলে আবির বলল, আয়, তোকে একটা ম্যাজিক শিখিয়ে দিই। কাউকে বলবি না কিন্তু।

ড্রয়িংরুমে ঢুকে আবির দরজাটা ভেজিয়ে দিল। টেবিলের ওপর রাখল একটা গ্লাস, এক টুকরো কাগজ আর একটা কাঁচি। কাগজটা কাটতে গিয়ে মায়াবতীর হাত বারবার সরে যাচ্ছিল। আবির পাশে এসে তার আঙুল দুটো আলতো করে ধরে বলল, এখানে ধরে রাখ। এবার কাট।

মায়াবতী কাগজের দিকে তাকিয়েই কাঁচি চালাল। শেষে নিজে খেলাটা করে গ্লাসটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে খিলখিল করে হাসির শব্দ এল।

রবিন পর্দা সরিয়ে বেরিয়ে এসে বলল, ভাইয়া, আমিও শিখে গেছি!

মায়াবতী চমকে গ্লাসটা ঠেলে দিল। আবির সময়মতো ধরে ফেলল। রবিন ততক্ষণে উঠানে ছুটে গেছে। বাইরে গিয়েই চেঁচিয়ে বলল, মায়াবতী আপু, কাগজটা কোথায় রাখছ, আমি কিন্তু দেখেছি!

মায়াবতীরও হাসি পেল। তবু ঘর থেকে বেরোনোর সময় আবিরের দিকে চোখ তুলে তাকাতে তার একটু সময় লেগেছিল।

হলুদের দিন বিকেল থেকে মায়াবতী কতবার যে আয়নার সামনে গেল! শাড়ির আঁচলটা কাঁধে তুলে আবার নামিয়ে ঠিক করল। কপালের টিপটা একটু বাঁ দিকে সরে আছে মনে হলো। খুলে আবার পরল। শেষে বেলিফুলের মালা কবজিতে জড়িয়ে হাতটা মুখের কাছে তুলে গন্ধ নিল।

দরজা থেকে বোন বলল, তোর সাজ কি আজ শেষ হবে?

‘‘হয়েই গেছে তো!’’

বোন চলে যেতেই মায়াবতী আরেকবার আয়নায় তাকাল। তারপর নিজের কাণ্ড দেখে নিজেই হেসে ফেলল। আবির আজ তাকে এ শাড়িতে দেখবে, কথাটা বিকেল থেকে কতবার যে মনে হয়েছে!

সন্ধ্যায় উঠানে আলো জ্বলল। হলুদের গান শুরু হতেই যে যেখানে ছিল, এসে বসল। মায়াবতীর পাশের চেয়ারটা তখনও খালি। একটু পর আবির এসে বসল সেখানে। তার কবজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই বেলি পছন্দ করিস?

মায়াবতী মালাটা একটু তুলে বলল, গন্ধটা খুব ভালো লাগে।

আবির তখন কিছু বলল না। একটু পর উঠে গেল। মায়াবতী ভেবেছিল, কেউ হয়তো কাজে ডেকেছে। কিছুক্ষণ পর ফিরে এসে আবির তার সামনে হাত খুলে ধরল। তালুতে কয়েকটা রজনীগন্ধার ফুল।

‘‘ওদিকে ফুল সাজাচ্ছিলাম। ভাবলাম, এটার গন্ধও তোর ভালো লাগতে পারে।’’

ফুলগুলো নিতে হাত বাড়াল মায়াবতী। আবিরের আঙুল ছুঁয়ে গেল তার আঙুল। ফুল তার হাতে চলে এসেছে, অথচ দুজনের কেউই সঙ্গে সঙ্গে হাত সরাল না।

‘‘ভালো লেগেছে? আবির জিজ্ঞেস করল।’’

মায়াবতী ফুলের দিকে তাকিয়েই বলল, হ্যাঁ, খুব।

উঠানের ওপাশে কী হচ্ছে দেখতে একটু পর মায়াবতী উঠে দাঁড়াল। শাড়ির আঁচলটা চেয়ারে আটকে যেতেই আবির সেটা ছাড়িয়ে দিয়ে বলল, আস্তে। চেয়ারগুলো তোর সঙ্গে কী শুরু করেছে বল তো! তারপর আদর করে মাথায় আলতো একটা টোকা দিল।

মায়াবতী ঘুরে তাকাল। আবির তখনও হাসছিল। হাসিটা ওর চোখেও দেখা যাচ্ছিল। মায়াবতী চোখ নামাল না। অন্য সময় হলে চেয়ার নিয়েই একটা জবাব দিত সে। সেদিন তার ইচ্ছে হলো, আবির আর একটু তাকিয়ে থাকুক। ঠিক পাশেই সবাই মিলে গান ধরেছে। সেই হইচইয়ের মধ্যে দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে রইল।

রাতে ঘরে ফিরে মায়াবতী টিপটা খুলে আয়নার পাশে আটকে দিল। বেলির মালা আর রজনীগন্ধার ফুলগুলো রাখল টেবিলে। শুতে যাওয়ার আগে আবার উঠে একটা ফুল হাতে নিল। ষোলো বছরে কোনো ছেলের কাছ থেকে এমন ছোট্ট খেয়াল সে আগে পায়নি। ফুলের গন্ধ ভালো লাগে, কথাটা সে বলেছিল কত সহজে। আবির সেটা মনে রেখেছিল। ভাবতেই ফুলটা আবার মুখের কাছে তুলে নিল মায়াবতী।

পরদিন বিকেলে সে দেখল, আবির আরেক মেয়েকে সেই গ্লাসের ম্যাজিকটাই শেখাচ্ছে। কাগজটা কোথায় ধরে রাখতে হবে দেখাতে গিয়ে আবির মেয়েটির আঙুলের ওপর হাত রাখল। ঠিক যেভাবে সেদিন মায়াবতীর হাত ধরেছিল। এর আগেও আরেকজনের সঙ্গে আবিরকে এমন করতে দেখেছে সে। আজ তার মনে হলো, ড্রয়িংরুমের ওই বিকেলটার কথা সে যতবার ভেবেছে, আবির কি একবারও ভেবেছে?

একটু পর সিঁড়ির কাছে আবিরকে একা পেয়ে মায়াবতী বলল, তুমি আর কাউকে ম্যাজিক শেখাতে পারবে না।

‘আপনি’ থেকে কখন যে ‘তুমি’ হয়ে গেল, মায়াবতী নিজেও খেয়াল করেনি।

আবির ভুরু তুলে বলল, কেন পারব না?

‘‘আমি বলে দিলাম। ব্যস, পারবে না।’’

‘‘ম্যাজিক শেখালে তোর এত রাগ হয়?’’

‘‘ম্যাজিক শেখাতে হলে সবার হাত ধরতে হয়?’’

কথাটা মুখ থেকে বেরিয়ে যেতেই মায়াবতী বুঝল, সে যা লুকোতে চেয়েছিল, সেটাই বলে ফেলেছে। আবির একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, তুই খেয়াল করেছিস?

মায়াবতী চোখ নামাল না। হ্যাঁ, করেছি

কয়েক দিনের পরিচয়ে কী অধিকার নিয়ে সে আবিরকে এমন কথা বলল, পরে নিজেকেই প্রশ্ন করেছিল মায়াবতী। কোনো জবাব খুঁজে পায়নি। অভিমান করে ঠিক করেছিল, পরদিন আর নিজে থেকে কথা বলবে না। অথচ পরদিন উঠানে পা দিয়েই তার চোখ সবার আগে আবিরকে খুঁজল।

সপ্তাহটা কী করে ফুরিয়ে গেল, মায়াবতী বুঝতেই পারল না। বিয়ের আয়োজন শেষ। উঠান থেকে বাড়তি চেয়ারগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল। যে বাড়িতে কদিন ধরে এক ঘর থেকে আরেক ঘরে গেলেই কারও না কারও ডাক শোনা যেত, সেখানে বিকেলটা হঠাৎ ফাঁকা লাগছিল।

আবির এসে বলল, কাল সকালে চলে যাব।

মায়াবতী জানতে চেয়েছিল, আবার কবে আসবে? কথাটা ঠোঁট পর্যন্ত এসেও থেমে গেল। সে শুধু জিজ্ঞেস করল, এত সকালে?

“হ্যাঁ। তুই কখন বের হবি?”

“আমিও সকালে। স্টেশনে যাব।”

“তাহলে তোকে আমি স্টেশনে দিয়ে আসব।”

মায়াবতী মাথা নাড়ল। চোখে জল এসে গেছে টের পেয়ে উঠানের দিকে মুখ ফেরাল। মাত্র সাত দিন আগে এই উঠানেই একটা চেয়ার নিয়ে আবিরের সঙ্গে তার প্রথম কথা হয়েছিল। সেদিন কত সহজে জবাব দিয়েছিল সে। আজ একটা প্রশ্নও করতে পারল না।

রাতে টেবিলের ওপর থেকে রজনীগন্ধার ফুলগুলো তুলে নিল মায়াবতী। গন্ধ প্রায় ফুরিয়ে এসেছে। ফুলগুলো খাতার পাতার ভেতর রেখে সে আলো নিভিয়ে দিল। (চলবে,,,)

লেখকঃ
সমাজকর্মী

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির