যেভাবে ব্যবহার করবেন
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা আগে থেকেই মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় ঠিক করে রাখতে পারবেন। ফলে জন্মদিনের শুভেচ্ছা, বিবাহবার্ষিকীর বার্তা কিংবা গুরুত্বপূর্ণ কোনও স্মরণবার্তা পাঠাতে নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজসহ আনুষ্ঠানিকভাবে সমর্থিত অন্যান্য মাধ্যমে এ সুবিধা চালু করা হবে।
নতুন এ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে মেসেজ পাঠানোর সময় আগে থেকেই নির্ধারণ করা যাবে। ১০ মিনিট পর থেকে সর্বোচ্চ ১৪ দিন আগ পর্যন্ত মেসেজ পাঠানোর সময় ঠিক করে রাখার সুযোগ থাকবে। শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগাম নির্ধারণ করা যাবে।
যেভাবে নির্ধারণ করবেন মেসেজ পাঠানোর সময়
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপে কাঙ্ক্ষিত ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলে স্বাভাবিক নিয়মে মেসেজ লিখতে হবে। এরপর পাঠানোর বোতামটি চেপে ধরে রাখলে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর বিকল্প দেখা যাবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে দিলেই মেসেজটি নির্ধারিত তালিকায় যুক্ত হবে।
এ জন্য হোয়াটসঅ্যাপে আলাদা ‘শিডিউলড মেসেজেস’ বিভাগ থাকবে। সেখানে পাঠানোর অপেক্ষায় থাকা সব মেসেজ দেখা যাবে। নির্ধারিত সময় আসার আগে চাইলে মেসেজগুলো পর্যালোচনা, পরিবর্তন কিংবা মুছে ফেলার সুযোগও থাকবে।
ফোন বন্ধ থাকলেও পৌঁছে যাবে মেসেজ
নতুন সুবিধায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে পাঠানোর জন্য রাখা মেসেজও সাধারণ কথোপকথনের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ মেসেজের বিষয়বস্তু পড়তে পারবেন না।
এ ছাড়া মেসেজ পাঠানোর নির্ধারিত সময়ে প্রেরকের ফোন বন্ধ থাকলেও বা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে। প্রাপক সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ হিসেবেই সেটি দেখতে পাবেন।
তবে নতুন সুবিধাটি ধাপে ধাপে চালু করা হবে। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একসঙ্গে এ সুবিধা যুক্ত নাও হতে পারে।
সূত্র: সামা টিভি
সবার দেশ/কেএম




























