দুটি মোটরসাইকেলে আগুন, ভাঙচুর আরও ১০-১২টি
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর এলাকায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিবুল ইসলাম রাজু, জহিরুল হক, তানভীর, শামীম ও ইয়াকুব আলীর নাম জানা গেছে। আহত ব্যক্তিদের অধিকাংশই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে জানা গেছে।
জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক অভিযোগ করেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদল নেতা রফিকের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় অতিক্রম করার পর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে তাদের বহরে হামলা করা হয়।
ফটিকের দাবি, হামলাকারীরা তাদের বহরের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখে। এ ঘটনায় তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার দাবি, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে সেখানে আসে। বিষয়টি জানতে পেরে আলাইয়ারপুর গ্রামের বাসিন্দারা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিলো। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিরোধ করেন।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা ফেরদৌসী বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
সবার দেশ/কেএম




























