রয়টার্স এক্সক্লুসিভ
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বাংলাদেশের তৈরি পোশাক খাতের অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ চলে যাচ্ছে এশিয়ার অন্যান্য দেশে। বিশেষ করে প্রতিবেশী ভারত বাংলাদেশের হারানো ক্রয়াদেশের বড় অংশ পাচ্ছে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এটি বাংলাদেশের মাসিক পোশাক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট, বাড়তি উৎপাদন ব্যয় এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমছে। ফলে ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন।
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের জন্য এ পরিস্থিতিকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আশঙ্কা, সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে। এতে শুধু বর্তমান রফতানি আয় নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের বৈশ্বিক বাজারের অংশীদারত্বও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একসময় স্বল্প উৎপাদন ব্যয়, দক্ষ শ্রমিক এবং দ্রুত উৎপাদন সক্ষমতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশ ছিলো অন্যতম আকর্ষণীয় পোশাক উৎপাদনকেন্দ্র। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশে পরিণত হওয়ার পেছনে এসব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় সে সুবিধা ক্রমেই সংকুচিত হচ্ছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতায় এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এ শিল্পের ওপর নির্ভরশীল।
ভারতের দিকে ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। তবে শুধু ভারত নয়, সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি কমাতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।
গত বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রমিকেরা ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সরকারের ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত রাখায় পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে মজুরি নিয়ে অসন্তোষ ও কারখানাকেন্দ্রিক অস্থিরতা পুরোপুরি কাটেনি।
শিল্প উদ্যোক্তাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও কমে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ড বিবেচনায় বাংলাদেশের নতুন মজুরিও এখনও অনেক কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানামালিক রয়টার্সকে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে বিভিন্ন ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এর বড় অংশই পেয়েছে ভারত।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছেও মন্তব্য জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানগুলো কোনো সাড়া দেয়নি।
ভারতের শেয়ারবাজারে পোশাক কোম্পানির উত্থান
বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেয়ার খবর প্রকাশের পর ভারতের বস্ত্র ও পোশাক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।
এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকে ক্রয়াদেশ স্থানান্তরের খবরে ভারতীয় পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন। এমন এক সময়ে শ্রমিকদের মজুরি বাড়াতে হয়েছে, যখন আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠেছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, কিছু ক্রয়াদেশ সাময়িকভাবে অন্য দেশে চলে যাচ্ছে। একদিকে এ ধরনের স্থানান্তর আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করছে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখারও একটি চেষ্টা রয়েছে।
পণ্য সরবরাহে পিছিয়ে বাংলাদেশ
পোশাকশিল্পের উদ্যোক্তাদের অন্যতম উদ্বেগ এখন উৎপাদন ও পণ্য সরবরাহে দীর্ঘ সময় লাগা। মহিউদ্দিন চৌধুরীর মতে, আন্তর্জাতিক ক্রেতারা এখন শুধু উৎপাদন খরচ নয়, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে মৌসুমি পোশাকের ক্ষেত্রে সময়মতো পণ্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য পৌঁছে দিতে সক্ষম। এসব প্রতিদ্বন্দ্বী দেশে উৎপাদন থেকে শুরু করে পণ্য সরবরাহ পর্যন্ত সময় লাগে ৬০ থেকে ৯০ দিন। বাংলাদেশে একই প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে কারখানাগুলোতে তৈরি হয়েছে বিপুল পরিমাণ কাজের জট বা ব্যাকলগ। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে এখন অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন উদ্যোক্তারা।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেন, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, আগের ক্রয়াদেশগুলো অন্য দেশে সরিয়ে নেয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
স্থায়ীভাবে ক্রয়াদেশ হারানোর শঙ্কা
শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, বাংলাদেশের অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বিকল্প দেশগুলোর সঙ্গে স্থায়ী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে। একবার কোনও ব্র্যান্ড নতুন উৎপাদনকেন্দ্র খুঁজে পেলে পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও আগের ক্রয়াদেশ ফিরিয়ে আনা কঠিন হবে।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহও ব্যাহত হচ্ছে।
অন্যদিকে ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। তাদের মতে, কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন, জ্বালানির নিশ্চয়তা এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের বাজার অন্য দেশগুলোর দখলে চলে যেতে পারে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, বর্তমান অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। সাময়িকভাবে ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তার মতে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সামনে এখন বিকল্প উৎপাদনকেন্দ্র রয়েছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তারা অনির্দিষ্টকাল বসে থাকবে না। উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে না পারলে দেশের তৈরি পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
সবার দেশ/কেএম




























