ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
আগামী ডিসেম্বরে হত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে নিজের নাম হত্যার তালিকায় রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই সঙ্গে নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেছেন তিনি।
কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, কার্টুন বা ব্যঙ্গচিত্রের স্বাধীনতায় তার আপত্তি নেই। তবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতিতে এ ধরনের ছবি উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীকে সহিংসতায় উসকে দিতে পারে।
বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।
কপালে রাইফেল তাক করা কার্টুনটিকে কেনো হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, কার্টুনের ব্যাপারে আমি খুবই উদার। পাবলিক ফিগারদের নিয়ে রাজনৈতিক ব্যঙ্গচিত্র আকাকে আমি স্বাগত জানাই। কিন্তু সমস্যা হলো, বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা চলছে। আপনি দেখেছেন, অ্যাসাসিনেশনের (গুপ্তহত্যা) তালিকায়—এ ডিসেম্বরে ওসমান হাদি কে হবে, সে তালিকায় আমার নাম আছে। এমন একটি প্রেক্ষাপটে আঁকা এ কার্টুনটি দেশ-বিদেশের আওয়ামী সার্কেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি শেয়ার করে উল্লাস করছে।
নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন,
সৃজনশীলতাকে আমি স্বাগত জানাই। কিন্তু সে সৃজনশীলতা যখন একটি বিশাল উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ভিন্ন বার্তা দেয় এবং তাদের উৎসাহিত করে, তখন তা উদ্বেগের। আওয়ামী সার্কেল থেকে আমি প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছি। বাংলাদেশে আমি এমনিতেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি।
আলোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গেও কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য আওয়ামী লীগকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ‘সরি’ বলতে হবে।
তবে আওয়ামী লীগের পদে ছিলেন না এবং লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না—এমন সাধারণ সমর্থকদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন ব্যারিস্টার ফুয়াদ।
সবার দেশ/কেএম




























