Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৪০, ২৭ নভেম্বর ২০২৬

লকডাউন ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ, নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

লকডাউন ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ, নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ছবি: সংগৃহীত

২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান জানান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিলো। টহল গাড়ির সামনেই মিছিলকারীদের মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, কোটালীপাড়া উপজেলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াতেও এ কর্মসূচির প্রস্তুতি চলছে। শনিবারও মশাল মিছিল করা হবে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে একযোগে পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিলের ঘটনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে কোনো সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি না, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিকে ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬