গঙ্গার পানিচুক্তি নিয়ে দুই চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত আলোচনার জন্য ভারত সরকারের কাছে দুই দফা চিঠি পাঠিয়েও কোনও জবাব পায়নি বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চুক্তি নবায়ন ও পানিবণ্টন সমস্যার সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের কাছে বাংলাদেশ দুটি চিঠি পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনও চিঠিরই জবাব পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন, তবে সেটিরও কোনও উত্তর আসেনি।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। তবে এ সম্পর্ক কোনও বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হওয়া উচিত। দুই দেশের জনগণের স্বার্থ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, বন্ধুত্বের মনোভাব নিয়ে গঙ্গার পানিবণ্টন সমস্যার সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলে বাংলাদেশ আশা করে। দীর্ঘদিনের এ সমস্যার ন্যায্য সমাধান দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কাজ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ভারত সরকারের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। চুক্তি নবায়ন ও পানিবণ্টন-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরকার নিজস্ব প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেশের পানি সম্পদ সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, দেশের পানির প্রবাহ ও সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন এবং পানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও উদ্যোগ নেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে হত্যা, গুম, শিক্ষার্থী ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত নয়। দুই দেশের সম্পর্ক হতে হবে জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
সীমান্তে ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন,
বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের যেকোনও অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সরকার আপস করবে না।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে এবং সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।
তবে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে সরকার প্রত্যাশা করে।
উল্লেখ্য, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন ও পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর আলোচনা শুরু না হলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে ভারতের নীরবতা এবং বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক উদ্যোগের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























