Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ২৯ নভেম্বর ২০২৬

নেজামে ইসলাম পার্টির আলোচনায় বিরোধীদলীয় নেতা

জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়

‘জাতীয় ঐক্যের কথা বলছেন, অথচ ঐক্যের জায়গা আপনারাই নষ্ট করেছেন’; সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দখলবাণিজ্য ও ফ্যাসিবাদী আচরণের অভিযোগ জামায়াত আমিরের।

জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় মেনে নেওয়া ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলেও দাবি করেন।

তিনি বলেন, 

আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না। এ দুই জায়গা ছাড়া কখনও এ দেশে জাতীয় ঐক্য হবে না।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনদ ও গণভোট মেনে নিলেই ঐক্য সম্ভব

জামায়াত আমির বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা করে বৈঠক বা আলোচনার প্রয়োজন হবে না। ফ্যাসিবাদ কিংবা যেকোনও অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবেই তাদের মোকাবিলা করা হবে।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোট মেনে নিন, জাতীয় ঐক্যের জন্য কোনও বৈঠকের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট অথবা যেকোনও অপশক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এই পক্ষই তাদের একসঙ্গে মোকাবিলা করবে, ইনশাআল্লাহ।

তবে সরকার পরিচালনায় এখন পর্যন্ত পরিবর্তনের দৃশ্যমান কোনো লক্ষণ দেখছেন না বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তার দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য, দলান্ধ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বসানো হচ্ছে। অথচ আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিলো দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। বর্তমানে দুর্নীতি ও বৈষম্য দেশকে গ্রাস করছে বলে মন্তব্য করেন তিনি।

স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত রেখে ঐক্য সম্ভব নয়

সরকারের দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের সঙ্গে আঁতাত বাদ দিয়ে সরকারকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার নীতি থেকে সরকার বেরিয়ে আসতে না পারলে জাতীয় ঐক্যের কথা অর্থহীন।

প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থে সুষ্ঠু ও ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়তে চান, তাহলে ফ্যাসিবাদীদের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে সামনে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

তবে সরকার নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড অপরিবর্তিত রেখে বিরোধী দলকে শুধু পাহারাদার কিংবা লাঠিয়ালের ভূমিকায় দেখতে চাইলে তা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

তিনি বলেন, 

নিজেদের সব ঠিক রেখে সব অপকর্ম যার যার জায়গায় বহাল থাকবে, আর বিরোধী দল গিয়ে সেখানে তাদের জন্য চৌকিদারের ভূমিকা পালন করবে বা লাঠিয়াল হবে—বিরোধী দল এত বোকা নয়।

শেখ হাসিনার শাসন ভুলে যাওয়ার সুযোগ নেই

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বক্তব্যের শেষ পর্যায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার নাম উঠে আসার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা জাতিকে এত কষ্ট দিয়েছেন যে তাকে সহজে ভুলে যাওয়া সম্ভব নয়।

তার অভিযোগ, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ—কেউই তার শাসনামলে নির্যাতন ও জুলুম থেকে রেহাই পাননি। এমনকি সাংবাদিকদের ওপরও হামলা, নির্যাতন চালানো হয়েছে। কাউকে কাউকে আটক করে নির্যাতনের পর সীমান্তের ওপারে ফেলে দেয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

‘তাঁকে ভুলবেন কীভাবে?’—প্রশ্ন তুলে অতীতের নির্যাতন ও দমন-পীড়নের স্মৃতি ভুলে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

৫ আগস্টের পরও জুলুম, চাঁদাবাজি ও দখলবাণিজ্যের অভিযোগ

বর্তমান বাংলাদেশ ভালো নেই মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি কেন খারাপ, তা জনগণের কাছে স্পষ্ট। তার অভিযোগ, বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর ধরে জনগণের মতো মজলুম ছিলো। কিন্তু ৫ আগস্টের পর তারা সে অভিজ্ঞতা ভুলে গিয়ে ৬ আগস্ট থেকেই আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন এবং রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণকে দুর্ভোগে ফেলা হচ্ছে। ৫ আগস্টের পর জাতির সঙ্গে সরকারের আচরণ ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় নিয়ে প্রতারণার অভিযোগ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি আন্দোলনের অন্যতম আইকন আবু সাঈদের জন্মস্থানেও গিয়ে জনগণকে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেয়ার আহ্বান জানানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

কিন্তু পরবর্তী সময়ে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তির বক্তব্যে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ আখ্যা দেয়া হয় বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, দলিলের সঙ্গে প্রতারণা কে করেছে, তার কোনও জবাব পাওয়া যায়নি।

পরবর্তীতে সংসদে একই ব্যক্তির বক্তব্যে জুলাই সনদের বিভিন্ন বিষয় মেনে নেয়া এবং নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব বক্তব্যের মধ্য দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ, অথচ অন্য সব বিষয়ে মতামত

সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, তিনি সব মন্ত্রণালয়ের বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন, অথচ নিজের দায়িত্বাধীন মন্ত্রণালয় পরিচালনায় সফলতা দেখাতে পারছেন না।

তার ভাষ্য, যে মন্ত্রণালয়ের ওপর মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নির্ভর করে, সেখানে দৃশ্যমান সাফল্য নেই। জনগণ সে ব্যর্থতা দেখতে পাচ্ছে। এত ব্যর্থতার পরও পদ আঁকড়ে থাকা এবং দেশের ক্ষতি হতে দেয়া কোনও আত্মসম্মানবোধসম্পন্ন মানুষের কাজ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সাত দফা দাবি জনগণের দাবি

শফিকুর রহমান বলেন, জামায়াত বা তাদের জোটের কোনো ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থসংশ্লিষ্ট দাবি নেই। তাদের সাত দফা দাবির প্রতিটি জনগণের অধিকার ও প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।

তার দাবি, ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছেন। নির্বাচনের আগে উভয় পক্ষই গণভোটে বিজয়ী হলে সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু এখন সরকার এমন ধারাগুলো রাখতে চাইছে, যেগুলো দিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব; আর যেসব ধারা ফ্যাসিবাদী শাসন ঠেকাতে পারে, সেগুলোতে ভিন্নমত দেখানো হচ্ছে।

আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান উপেক্ষিত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেয়া যুবসমাজের একটি অংশকে দ্রুত ভুলে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার বক্তব্য, কঠিন সময়ে মাদ্রাসা থেকে বেরিয়ে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে রাজপথে নামা তরুণরা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু এখন তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।

তিনি বলেন, একটাই দোষ—তারা আল্লাহর ওপর ঈমান এনেছে। ৯১ শতাংশ মুসলমানের দেশে এ ধরনের অবমূল্যায়ন জাতির সঙ্গে নিষ্ঠুর পরিহাস বলে মন্তব্য করেন তিনি।

সংসদ অকার্যকর হলে ছেড়ে দেয়ার হুঁশিয়ারি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শফিকুর রহমান।

তিনি বলেন, আমরা এগুলো মেনে নেবো না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে আমাদের লড়াই চলবে সমানতালে।

তবে কোনও এক সময় সংসদ সম্পূর্ণ অকার্যকর, অপ্রয়োজনীয় কিংবা জাতির বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হলে সেখানে আর থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

১১ দলীয় ঐক্যের নেতাদের উপস্থিতি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

আলোচনা সভায় জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, জাতীয় ঐক্য, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নেতারা বক্তব্য দেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল