Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

নৌ অবরোধকে ‘সামরিক আগ্রাসন’ আখ্যা তেহরানের; আত্মরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি।

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কয়েক দশকের কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির দাবি, বিভিন্ন মার্কিন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আদালতের রায় অনুযায়ী এ অর্থ পাওনা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে ইরানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ইরানের আদালতগুলো থেকে প্রায় ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় এসেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রতিকার হিসেবেই এ অর্থ দাবি করা হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ক্ষেত্রে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর ভূমিকার আইনি জবাবদিহি নিশ্চিত করতে চাইছে তেহরান।

নৌ অবরোধকে সামরিক আগ্রাসন বলছে তেহরান

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে ইরানের অবস্থান আরও কঠোর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ ইরান মেনে নেবে না। তার দাবি, 

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ কিংবা নৌ অবরোধ—যে নামেই এসব পদক্ষেপকে অভিহিত করুক না কেনো, বাস্তবে এগুলো ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের শামিল।

বাঘাই বলেন, এ ধরনের পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার প্রয়োগে ইরান পিছপা হবে না। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার দেশটির রয়েছে। সে অধিকার প্রয়োগে ইরানের হাতে থাকা সব ধরনের উপায় বিবেচনা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

তেহরানের এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধকে কেবল অর্থনৈতিক চাপ হিসেবে দেখছে না ইরান; বরং এটিকে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে।

অবরোধে চাপে ইরানের বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দেশটির আমদানি-রফতানি বাণিজ্যের ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে পরিবহন করা হয়। ফলে এ নৌপথে চলাচল বাধাগ্রস্ত হলে ইরানের বৈদেশিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে।

অবরোধের চাপ মোকাবিলায় বিকল্প বাণিজ্যিক রুট খুঁজছে তেহরান। তবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চলাচল সীমিত হয়ে পড়ায় এসব বিকল্প কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবরোধের অবসান ঘটাতে বিকল্প পথ অনুসন্ধানের পাশাপাশি সামরিক প্রতিক্রিয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা নিয়ে তেহরানের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে পাল্টাপাল্টি চাপ

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। প্রণালিটি ঘিরে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার, সমুদ্রপথে বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ইরান এ নৌপথে চলাচল বন্ধ বা সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তেহরানকে এমন পদক্ষেপ থেকে বিরত রাখতে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। পাশাপাশি নতুন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি এবং স্থলপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে হরমুজ প্রণালি এখন শুধু সামরিক উত্তেজনার ক্ষেত্র নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ ঝুঁকির জায়গা হয়ে উঠেছে।

সংঘাতের সূত্রপাত ও বিস্তার

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরবর্তী সময়ে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে সংঘাতের পরিধি বিস্তৃত হয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকে।

যুক্তরাষ্ট্র একদিকে সামরিক চাপ ও অবরোধ জোরদার করেছে, অন্যদিকে ইরান পাল্টা হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণের হুমকি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। ফলে সংঘাতের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—তিনটি মাত্রাই ক্রমেই বিস্তৃত হচ্ছে।

কূটনৈতিক উদ্যোগ থমকে, সমঝোতার সম্ভাবনা ক্ষীণ

যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখন কার্যকর অগ্রগতি অর্জন করতে পারেনি। জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি খসড়া সমঝোতা তৈরি হলেও পরবর্তী সময়ে তা ভেঙে পড়ে। এরপর স্থায়ীভাবে সংঘাত বন্ধে নতুন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। তেহরান বলছে, এসব শর্ত পূরণ হলে মাত্র দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথটি সচল করা যেতে পারে।

ইসমাইল বাঘাইয়ের বক্তব্যেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি এবং পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

তবে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সামরিক অবস্থান এবং অবরোধকে কেন্দ্র করে বিরোধ অব্যাহত থাকায় দ্রুত সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। ক্ষতিপূরণ দাবি, সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।

সূত্র: আলজাজিরা

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির