Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২৯ নভেম্বর ২০২৬

আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন

আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস ও সহিংসতা বন্ধের কোনও উপায় নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই। ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ ও জনগণের রায়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও দলটির বিরুদ্ধে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনও আশ্রয় হবে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণের দেয়া রায় সরকারকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ কার্যক্রম আয়োজন করতে হবে, যাতে নির্যাতিত মানুষ নিজেদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পান।

এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা, ভোটাধিকার হরণসহ অতীতের সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, দিনের বেলাতেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে গিয়ে হুমকি দেয়া, তুলে নেয়া, গুম ও খুনের মতো ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।

তিনি আরও বলেন, দেশে আর কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড দেখতে চান না মানুষ। একইভাবে পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনাও বন্ধ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সে সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, কোনোভাবেই প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতা চালানোর সুযোগ দেয়া হলে তা মেনে নেয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেয়া হবে না।

এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত হবে এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত। সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফুল ইসলাম আদীব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।

সমাবেশ শেষে ডাকবাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি