Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ৩১ অক্টোবর ২০২৬

৩০ নভেম্বর থেকে কার্যকর 

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এতে ভিসার আবেদনের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য আগের তুলনায় বেশি অর্থের প্রমাণ দেখাতে হবে শিক্ষার্থীদের।

নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। আগে এ পরিমাণ ছিলো ১ হাজার ৫২৯ পাউন্ড। সাধারণত সর্বোচ্চ ৯ মাসের খরচের হিসাব দেখাতে হয়। সে হিসাবে আগে ১৩ হাজার ৭৬১ পাউন্ডের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হতো। নতুন নিয়মে তা বেড়ে দাঁড়াবে ১৪ হাজার ১৮০ পাউন্ডে। অর্থাৎ ৯ মাসের হিসাবে বাড়তি ৩৬৯ পাউন্ড দেখাতে হবে।

লন্ডনের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে গেলেও বাড়তি অর্থের প্রমাণ দিতে হবে। আগে এসব এলাকার শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ১৭১ পাউন্ড দেখাতে হতো। নতুন নিয়মে তা বেড়ে হবে ১ হাজার ২০৩ পাউন্ড। ৯ মাসের হিসাবে আগের ১০ হাজার ৫৩৯ পাউন্ডের পরিবর্তে এখন দেখাতে হবে ১০ হাজার ৮২৭ পাউন্ড। অর্থাৎ বাড়তি অর্থের পরিমাণ ২৮৮ পাউন্ড।

তবে জীবনযাত্রার ব্যয় বাবদ দেখানো এ অর্থের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির কোনো সম্পর্ক নেই। টিউশন ফি আলাদাভাবে পরিশোধ করতে হবে। এর পাশাপাশি ভিসা আবেদন ফি ও স্বাস্থ্যসেবা সারচার্জের খরচও বহন করতে হবে। তাই যুক্তরাজ্যে পড়তে যাওয়ার পরিকল্পনা করার সময় সব খরচ আলাদাভাবে হিসাব করা জরুরি।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা তার পরে ভিসার আবেদন করলে বর্ধিত আর্থিক শর্ত প্রযোজ্য হবে। আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ টানা ২৮ দিন জমা থাকতে হবে। অর্থাৎ ভিসার আবেদন করার আগে নির্ধারিত সময় পর্যন্ত ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ থাকার প্রমাণ দিতে হবে।

শিক্ষার্থীদের নিজের ব্যাংক হিসাব ছাড়াও বাবা-মায়ের ব্যাংক হিসাবের অর্থ দেখানোর সুযোগ রয়েছে। এ ছাড়া অনুমোদিত শিক্ষাঋণ বা প্রাতিষ্ঠানিক বৃত্তি ও আর্থিক পৃষ্ঠপোষকতার কাগজপত্রও গ্রহণযোগ্য হতে পারে।

তবে কোনও শিক্ষার্থী যদি ইতোমধ্যে বৈধভাবে অন্তত এক বছর যুক্তরাজ্যে বসবাস করে থাকেন, তাহলে সাধারণত নতুন করে জীবনযাত্রার ব্যয় মেটানোর আর্থিক প্রমাণ দেখাতে হবে না।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের তাই ৩০ নভেম্বরের আগে ও পরে আবেদনের ক্ষেত্রে আর্থিক শর্তের পার্থক্য বিবেচনায় রেখে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির