Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫১, ২৮ নভেম্বর ২০২৬

বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ

পার্শিং স্কয়ার স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা; আবেদন করা যাবে ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ফাইল ছবি

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য অর্থ দেয়া হবে। উচ্চশিক্ষার এ সুযোগ পেতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এ বৃত্তি উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, পেশাগত দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ তৈরি করবে। বিশেষ করে ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে

পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ টিউশন ফি পাবেন। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানকালে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় ভাতা দেয়া হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু আর্থিক সহায়তাই পাবেন না, বরং নেতৃত্বের দক্ষতা বিকাশ, বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগও পাবেন। এ ছাড়া পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ থাকবে।

এ বৃত্তির অন্যতম লক্ষ্য হলো এমন তরুণ নেতৃত্ব তৈরি করা, যারা নিজেদের পেশাগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজ, অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশসহ বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের অবশ্যই ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রত্যাশা করা হয়।

একাডেমিক যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর নেতৃত্ব দেয়ার সক্ষমতা, সামাজিক সমস্যা সমাধানে আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির প্রত্যয়কে গুরুত্ব দেয়া হবে।

প্রার্থীর পেশাগত লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বৃত্তির মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াও গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল নয়, বরং একজন আবেদনকারী ভবিষ্যতে কীভাবে বৃহত্তর পরিসরে অবদান রাখতে চান, সেটিও মূল্যায়নের অংশ হতে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য উল্লেখিত কাগজপত্রগুলো হলো—

  • পূর্ণাঙ্গ আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি)
  • শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • দুটি সুপারিশপত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র
  • ‘How do you intend to change the world...’ শিরোনামে ৫০০ শব্দের একটি প্রবন্ধ

প্রবন্ধে আবেদনকারী ভবিষ্যতে কীভাবে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তার পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবসম্মত পরিকল্পনার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

অক্সফোর্ডে রয়েছে ১৮০টির বেশি মাস্টার্স কোর্স

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে ১৮০টির বেশি কোর্স রয়েছে। এসব প্রোগ্রামে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান, গবেষণা এবং বিভিন্ন বিষয়ে বিশেষায়িত শিক্ষার সুযোগ রয়েছে। এর মধ্যে মাস্টার অব সায়েন্স (এমএসসি) উল্লেখযোগ্য, যার অনেক কোর্স সাধারণত এক বছর মেয়াদি।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কোর্সে অংশ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি গবেষণা ও পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ পান। তবে পার্শিং স্কয়ার বৃত্তির জন্য আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা ও অনুমোদিত কোর্সের শর্ত পূরণ করতে হবে।

যেভাবে আবেদন করবেন

বৃত্তির জন্য আবেদন করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে। আবেদন করার সময় কোর্সের আবেদনপত্রের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ উল্লেখ করতে হবে।

এ ছাড়া নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধসহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট কোর্সের ভর্তি যোগ্যতা, বৃত্তির শর্ত এবং আবেদনের সময়সীমা ভালোভাবে যাচাই করে আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৬ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে। বৃত্তির বিস্তারিত শর্ত, কোর্সের তালিকা ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল