ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ পদে নারী নেতৃত্ব দেখতে চান বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ জন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে পরবর্তী নির্বাচনে শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হতেও বলেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন জামায়াত আমির।
অনুষ্ঠানে উম্মা উসওয়াতুন রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনও নারীকে দেখা যায়নি। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে জায়গা দেয়া হবে কি না।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন,
ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আমরা আশা করি, শিবিরও এটিকে স্বাগত জানাবে।
এ সময় রাফিয়া বলেন, তিনি নিজের জন্য প্রশ্নটি করেননি। বরং ভবিষ্যতে অন্য নারীদের নেতৃত্বের সুযোগ তৈরি হবে কি না, সেটি জানতে চেয়েছেন। তার নিজের এ ধরনের পদে নির্বাচনের ইচ্ছা নেই বলেও জানান তিনি।
তবে জবাবে জামায়াত আমির বলেন, না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।
জামায়াত আমিরের এ বক্তব্যে ভবিষ্যতে ছাত্র সংসদ নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও শীর্ষ পদে নারীদের প্রার্থী করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সবার দেশ/কেএম




























