মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে রহস্যজনক তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ড্রোনগুলোকে লক্ষ্য করে পরপর ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলো দ্রুত সরে যাওয়ায় সেগুলো ভূপাতিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর সীমান্তজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে লাল ও সাদা রঙের আলো জ্বালিয়ে তিনটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ড্রোনগুলো একপর্যায়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আশপাশের সব বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে ড্রোনগুলোর সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে লাইট মেশিনগান (এলএমজি) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রাতের ভিডিওতে আকাশের দিকে তাক করে গুলি ছুড়তে দেখা যায় বিজিবি সদস্যদের। এ সময় অন্ধকার আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলোর প্রকৃত অবস্থান কিংবা সেগুলোতে কোনও আঘাত লেগেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যজনক তিনটি ড্রোন দেখতে পান সদস্যরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
তিনি বলেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসির দিকনির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবর্ষণের পরপরই ড্রোনগুলো দ্রুত গতিতে স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
মেজর সাকিব ইসরাক অপূর্ব আরও জানান, পাহাড়ের বিদ্যমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কোনও অদৃশ্য শক্তি এলাকায় অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কি না, সে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
এদিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সব বিওপিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
তবে রহস্যজনক ড্রোন তিনটি কোন দেশ বা এলাকা থেকে উড়ে এসেছিলো, কারা এগুলো পরিচালনা করছিলো কিংবা ড্রোনগুলোর মাধ্যমে কী ধরনের কার্যক্রম চালানো হচ্ছিলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে বিজিবির গুলিতে ড্রোনগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গত কয়েক দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দিন-রাত নিয়মিত টহল পরিচালনা করছেন।
সীমান্তের আকাশে একসঙ্গে তিনটি রহস্যজনক ড্রোনের উপস্থিতি এবং সেগুলো লক্ষ্য করে বিজিবির গুলিবর্ষণের ঘটনায় এলাকায় নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। ড্রোনগুলোর উৎস ও উদ্দেশ্য শনাক্ত করা এখন সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
সবার দেশ/এমকেজে




























