Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে সামরিক কৌশল, জনবল, বেতন, সরবরাহব্যবস্থা, অস্ত্র ও গোলাবারুদের হিসাব এবং রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত তথ্য।

শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে সিস্টেম উন্নয়নের কাজ চলার সময় সাইবার অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, কতটুকু তথ্যের নাগাল পেয়েছে কিংবা কোনও তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনী বিভাগের তথ্য, সিস্টেম ও সামরিক মিশনের সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়।

২০১৭ সালে চালু করা হয় ক্লাউড ওয়ান প্ল্যাটফর্ম। বিমানবাহিনীর বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত প্রয়োজন একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনাই ছিল এর মূল উদ্দেশ্য। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সম্পদ একত্র করে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়।

বিমানবাহিনীর জনবল ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন এ প্ল্যাটফর্মের আওতায় রয়েছে। ফলে এর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামরিক বাহিনীর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

ক্লাউড ওয়ানের আওতায় থাকা গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর একটি হলো বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষা রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে এ ব্যবস্থা।

এ ছাড়া রয়েছে থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশন সিস্টেম। বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা মার্কিন বিমানবাহিনীর বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে এটি ব্যবহৃত হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন রয়টার্সকে বলেন, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। এ ধরনের ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।

সাইবার কমান্ডের তদন্ত

হ্যাকিংয়ের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও সাইবার কমান্ড কোনও জবাব দেয়নি।

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ান পরিচালনার প্রধান ঠিকাদার ছিলো এসএআইসি। ওই বছর এ দায়িত্ব নেয় লেইডোস। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। অন্যদিকে লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রম স্থগিত বা সীমিত করা হয়েছে। ক্লাউড ওয়ানে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য নতুন অ্যাপ্লিকেশন স্থানান্তরের উদ্যোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এ উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে আসছিলো মার্কিন সামরিক বাহিনী।

পাশাপাশি আগে থেকেই ক্লাউড ওয়ানে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে দেয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে একাধিক গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হওয়ার পরও সেগুলোর নিরাপত্তা ত্রুটি সংশোধনের কাজ ব্যাহত হচ্ছে।

এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আরেক ব্যক্তি।

সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে অনুপ্রবেশ

রয়টার্সের সঙ্গে কথা বলা সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, হ্যাকাররা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিলো।

কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন ওই ব্যক্তি। তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে অনুপ্রবেশকারীরা তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা, খুচরা যন্ত্রাংশের অবস্থান ও চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণের সুযোগ পেতে পারে।

তবে হ্যাকাররা বাস্তবে এসব তথ্যের নাগাল পেয়েছে কি না কিংবা এ ধরনের কোনো কার্যক্রম চালিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে তারা প্রবেশ করেছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

প্রতিবেদন তৈরিতে নাম প্রকাশ না করার শর্তে মোট পাঁচজনের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের দেয়া তথ্য অনুযায়ী, হ্যাকিংয়ের প্রকৃত পরিসর ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার