জ্বালানি খাতে বড় রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস খাতের নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত পর্যায়ক্রমে এসব নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দফতরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
এ ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন।
এর আগে তিনি বাপেক্সের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে এ পরিবর্তনের পাশাপাশি পেট্রোবাংলার পরিচালক পদে দায়িত্ব পুনর্বণ্টনের ফলে সংস্থাগুলোর প্রশাসনিক ও পরিচালন কাঠামোয় নতুন বিন্যাস তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























