Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
ছবি: সংগৃহীত

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় হয়ে উঠেছে অসাধু দালাল ও মধ্যস্বত্বভোগী চক্র। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করার অভিযোগ উঠেছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে। তবে এজেন্সিগুলো সরাসরি অতিরিক্ত অর্থ দাবি না করে অসাধু সাব-এজেন্ট ও দালালদের মাধ্যমে এ অর্থ আদায়ের কৌশল নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সারা দেশে ছড়িয়ে থাকা এ দালালচক্রের কারণে বিদেশে কাজের স্বপ্ন দেখা সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার নির্ধারিত ব্যয়ের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি অর্থ চাওয়ায় অনেকের পক্ষেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ‘মালয়েশিয়ার কলিং ভিসার নামে ৮ লাখ টাকা দাবির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শিরোনামে একটি লিখিত আবেদন জমা পড়ে। আবেদনটি মন্ত্রণালয়ের নথিতে অন্তর্ভুক্ত হওয়ার পর অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করে।

অভিযোগকারী সায়মন আহমদ লিমন আবেদনে জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ও নিজের ভবিষ্যৎ গড়ার আশায় তিনি মালয়েশিয়ায় কাজ করতে যেতে চান। এ উদ্দেশ্যে বনানীর ফায়াজ ইন্টারন্যাশনাল (আরএল-২৮২৪) নামের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তার অভিযোগ, প্রতিষ্ঠানটির মালিক রাকিব খান কলিং ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য তার কাছে ৮ লাখ টাকা দাবি করেছেন।

লিমন বলেন, একজন সাধারণ কর্মজীবী মানুষের পক্ষে এতো টাকা জোগাড় করা অত্যন্ত কঠিন। আর্থিক সংকটের মধ্যেও অনেক মানুষ বিদেশে কাজের স্বপ্ন দেখেন। কিন্তু অতিরিক্ত অর্থ দাবির কারণে তাদের সে স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়ছে। সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কেনো এতো টাকা চাওয়া হচ্ছে, কোন খাতে কত অর্থ ব্যয় হবে এবং এ অর্থ আদায়ের সরকারি অনুমোদন রয়েছে কি না, তা কর্মীদের জানার অধিকার আছে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

তবে ফায়াজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাকিব খানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।

শুধু লিমন নন, মালয়েশিয়ায় বেসরকারিভাবে যেতে আগ্রহী আরও অনেক কর্মীর কাছ থেকেই নানা কৌশলে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচে মালয়েশিয়াগামী কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে এ ধরনের অভিযোগের তথ্য পাওয়া গেছে।

কুমিল্লা থেকে আসা মনিরুল নামের এক কর্মী জানান, মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের কাছে ৭ থেকে ৮ লাখ টাকা চাওয়া হচ্ছে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের কথা বললে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের জানিয়ে দেন, ওই খরচে যেতে পারলে যেনো চলে যান। আবার কারও কাছে ৫ থেকে ৬ লাখ টাকা চাওয়া হচ্ছে। কোনও কর্মী মেডিক্যাল পরীক্ষায় অনুপযুক্ত বা আনফিট হলে তার আর বিদেশে যাওয়ার সুযোগ থাকবে না—এমন কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে বলে তাদের ধারণা দেয়া হচ্ছে। তবে তিনি কোনও রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করতে রাজি হননি।

অন্যদিকে, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় অনুযায়ী কর্মী পাঠাতে তারা প্রস্তুত। মূলত মধ্যস্বত্বভোগী ও দালালদের কারণেই কর্মীদের বিদেশ যাওয়ার খরচ বেড়ে যায়।

আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। বাংলাদেশের শ্রমিকেরা যাতে কম খরচে বিদেশে যেতে পারেন, সেটি রিক্রুটিং এজেন্সিগুলোরও প্রত্যাশা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি রিক্রুটিং এজেন্সির মালিক জানান, এজেন্সিগুলো সরাসরি সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কর্মীরা তাদের কাছে আসেন। একজন এজেন্সির কাছ থেকে নির্দিষ্ট একটি খরচের কথা জানার পর অন্য কারও মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করেন। এভাবে কয়েক হাত ঘুরে কর্মী এজেন্সির কাছে পৌঁছালে প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ যুক্ত হয়। ফলে শেষ পর্যন্ত কর্মীর অভিবাসন ব্যয় অনেক বেড়ে যায়।

অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

অনিয়মকারীদের বিরুদ্ধে অভিযান ও তদন্ত

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ দাবি, স্বাস্থ্য পরীক্ষার নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান ও তদন্ত চলছে। তিনি বলেন, গত সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কথিত মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি