Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২৯ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন: 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫৫টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনসংক্রান্ত বিধিবিধান ও আচরণবিধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে ইসি।

তবে সংলাপের আমন্ত্রণের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক চারটি দলকে ডাকা হয়নি। দল চারটি হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দল। তবে ১৪ দলীয় জোটের আরেক শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আমন্ত্রণ পেয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ইসির আয়োজিত সংলাপেও ১৪ দলীয় জোটের ওই চার শরিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও সে সময় সংলাপে ডাক পায়নি।

ইসি সূত্র জানায়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে আলোচনা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসির সংলাপে ৫১টি নিবন্ধিত দল অংশ নিয়েছিলো। জাতীয় নির্বাচন শেষে নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলসহ এবার মোট ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কোন দিন কোন দল সংলাপে অংশ নেবে

রোববার প্রথম দিনের সংলাপে অংশ নেবে ১৮টি রাজনৈতিক দল। দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

সোমবার দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেবে ১৯টি দল। এগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।

মঙ্গলবার শেষ দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছে ১৮টি দল। দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সম-অধিকার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

পাঁচ ধাপে ইউপি নির্বাচন

এর আগে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিশনের ১৪তম সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ইসি।

এবার পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে পাঁচ ধাপে ভোটের তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তার তালিকা প্রকাশ করেছে ইসি।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি, আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত নিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে চায় নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল