২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
দেশের অন্তত ২০ জেলায় অগ্নিসংযোগ, পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত এসব নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটে। এতে শরীয়তপুরের জাজিরায় বিএনপির সঙ্গে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন।
সারাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও কুমিল্লায় এসব ঘটনা ঘটে।

গোপালগঞ্জের বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা নিহত হন। মাদারীপুরেও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে আগুন দেয়ার ঘটনায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় নীলসাগর এক্সপ্রেস। চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেয়া হয়।

ঢাকার সাভার ও ধামরাইয়ে দুটি বাসে অগ্নিসংযোগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। রাজশাহীর পবা উপজেলা ভূমি কার্যালয়ে পেট্রলবোমা হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাবনার বেড়া মডেল থানায় বল্লম ও ককটেল নিয়ে হামলা চালানো হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয়া এবং একটি বাস ভাঙচুর করা হয়। কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল এবং গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এ ছাড়া খুলনায় তিনটি স্থানে পেট্রলবোমা হামলা, রাজবাড়ী ও বরগুনায় সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ এবং সিরাজগঞ্জের একটি বিদ্যালয়ে ককটেলসদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তা এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়। ফেনীতে জেলা নির্বাচন কার্যালয়, ডাকঘর, ভূমি অফিস, মাদ্রাসা ও বীর নিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নোয়াখালীতে বাসে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করা হয়। কক্সবাজার শহরের ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীতেও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ফেনীতে রেলপথে নাশকতার প্রস্তুতিকালে চার কলেজশিক্ষার্থীকে আটক করা হয়।
বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সবার দেশ/কেএম




























