দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সপ্তাহে তিন দিন রাত ১০টা, বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান। বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানির ব্যবহার কমানোর লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
এ ছাড়া মার্কেটগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব মার্কেট কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে চায়, তারা এ ঋণ সুবিধা পাবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। বাকি তিন দিন রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং কোন তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে মার্কেটগুলোতে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী মার্কেট কর্তৃপক্ষকে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার। এতে মার্কেটের বিদ্যুতের চাহিদার একটি অংশ নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পূরণের সুযোগ তৈরি হবে।
তবে সৌরবিদ্যুতের প্যানেলের মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ ক্ষেত্রে প্যানেল সরবরাহ ও স্থাপনের আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেয়ার ওপর জোর দেয়া হয়েছে।
সমিতির পক্ষ থেকে নিম্নমানের সৌরবিদ্যুতের প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
নতুন সময়সূচি কার্যকর হলে দোকানপাট ও বিপণিবিতানের ব্যবসায়িক কার্যক্রমে পরিবর্তন আসবে। একই সঙ্গে মার্কেটগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের ঋণ সুবিধা কতটা কার্যকর হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সবার দেশ/কেএম




























