ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, দ্রুত সরিয়ে নেয়া হয় সব যাত্রীকে
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেয়া হয়। দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। উড্ডয়নের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই উড়োজাহাজটির ওই অংশে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।
পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেয়া হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ, উড়োজাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যাত্রীদের পরবর্তী যাত্রার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সবার দেশ/এমকেজে




























