বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
বলিউডে একসময় বড় বাজেটের সিনেমা মানেই ছিল জনপ্রিয় অভিনেতাদের আধিপত্য। তবে সময়ের সঙ্গে বদলেছে সে চিত্র। অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা ও বক্স অফিসে সাফল্যের কারণে অভিনেত্রীরাও এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্রেও নিজেদের অবস্থান শক্ত করেছেন অনেক তারকা।
সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। ছবিপ্রতি পারিশ্রমিকের ভিত্তিতে তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
তালিকার শীর্ষ পাঁচ অভিনেত্রী এবং তাদের পারিশ্রমিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
১. প্রিয়াঙ্কা চোপড়া
তালিকার প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বিনোদনজগতে তার পরিচিতি বাড়তে থাকে। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।
হলিউডের টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ে প্রিয়াঙ্কার। এ ছাড়া ‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ১৮ কোটি থেকে ৩০ কোটি টাকা।
২. দীপিকা পাড়ুকোন
সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি।

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। ‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান তিনি।
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। এ ছাড়া ২০২৪ সালের আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আইএমডিবির তথ্যমতে, প্রতি সিনেমার জন্য দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা।
৩. কঙ্গনা রানাউত
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কঙ্গনা। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন।

পরবর্তী সময়ে ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘কুইন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
২০২৪ সালে নিজের পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমার কারণে নতুন করে আলোচনায় আসেন কঙ্গনা।
আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমার জন্য কঙ্গনা ১৫ কোটি থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
৪. ক্যাটরিনা কাইফ
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করা এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে।

ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয় ও ভাষাগত সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন ক্যাটরিনা। ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
নাচ ও অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ক্যাটরিনা। সাম্প্রতিক সময়ে ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’-এর মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি।-
আইএমডিবির তথ্যমতে, প্রতি সিনেমার জন্য ক্যাটরিনার পারিশ্রমিক ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা।
৫. আলিয়া ভাট
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। অল্প বয়সেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়ার বলিউডে অভিষেক হয় ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে।

এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলিয়া।
বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন এ অভিনেত্রী। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেন তিনি।
আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমার জন্য আলিয়ার পারিশ্রমিক ১০ কোটি থেকে ২০ কোটি টাকা।
সবার দেশ/কেএম




























