Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১২, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:১৪, ২৮ নভেম্বর ২০২৬

বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

‘গেরিলা হোলাইন রাইখবি, হেগুনের কাম অইবো বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইবো’

বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ছবি: সংগৃহীত

‘পাঁচ-ছয়জন গেরিলা প্রস্তুত রাখবি, বিএনপি-জামায়াতের ১০ জনকে মেরে ফেলবি, বাড়িঘরে আগুন দিবি’—এমন বক্তব্যসংবলিত একটি অডিও সোশ্যাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আবু তাহেরের ছেলে এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লবকে এক ব্যক্তিকে এসব নির্দেশনা দিতে শোনা গেছে বলে দাবি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া অডিওতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লবের কথোপকথন রয়েছে। এতে বিএনপি ও জামায়াতের নেতাদের হত্যা, তাদের বাড়িঘরে আগুন দেয়া এবং হামলার দায় অন্য পক্ষের ওপর চাপানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে এটি বিপ্লবের বলে দাবি করেছেন।

অডিওতে মামুনকে উদ্দেশ করে বিপ্লবের কণ্ঠে বলতে শোনা যায়, 

গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।

তিনি অঅরও বলেন, ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হচ্ছে—এমন পরিস্থিতি দেখা দিলে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ১০ জনকে ধরে মারতে হবে। তাদের মধ্যে দু-চারজনকে হত্যা করার কথাও বলা হয়। কারণ, পরে এসব ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করতে শোনা যায় তাকে।

এ সময় পুরো পরিকল্পনা বাস্তবায়নে মাথা ঠান্ডা রেখে দূর থেকে কাজ করার পরামর্শও দিতে শোনা যায়। কথোপকথনে বিএনপি ও জামায়াতের নেতাদের ওপর হামলার পাশাপাশি তাদের বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়েও নির্দেশনা রয়েছে বলে অডিওতে শোনা যায়।

অডিওতে জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেন বিপ্লব। এ জন্য তার পক্ষে মিছিল করা যায় কি না, তা দেখতে বলেন। মিছিলের ব্যানারে তার নিজের নামের পাশাপাশি শেখ হাসিনার নাম রাখার কথা বলেন। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান রাখার পরিকল্পনার কথাও শোনা যায়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য পাশে তার বাবা আবু তাহেরের ছবি রাখার কথাও বলেন তিনি।

কথোপকথনের শেষ দিকে পাঁচ-ছয়জন বিশ্বস্ত তরুণকে নিয়ে একটি গেরিলা দল প্রস্তুত করার পরিকল্পনার কথা বলতে শোনা যায়। তাদের ‘স্টাবলিশ’ করে দেয়ার কথা উল্লেখ করে বিপ্লব বলেন, ওই তরুণদের মধ্যে রক্তপিপাসু মানসিকতা থাকতে হবে। একই সঙ্গে তাদের মন নরম, মানুষের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি আনুগত্য থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে অডিওতে কথোপকথনের অপর প্রান্তে থাকা মামুনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অডিওটির বিষয়ে জানতে এ এইচ এম বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, 

বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে এ এইচ এম বিপ্লবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিলো।

নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান। অন্যদিকে শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলায় তার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করা হয়।

বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার আরেক ছেলে এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সালাহ উদ্দিন টিপুও বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ মোট ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় এ এইচ এম বিপ্লবকেও আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল