লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬
লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ছবি পর্যালোচনা করে হামলায় জড়িত সন্দেহে তাদের শনাক্ত করা হয়।
ঘটনার পর দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রায় অর্ধসপ্তাহ ধরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিদের ছবি ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত চালানো হচ্ছে।
এদিকে গ্রেফতারের বিষয়ে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পক্ষই তাদের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি। তবে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ স্টেশনে গিয়ে দেখা করার জন্য বলা হলে সুশান্ত দাসসহ বেশ কয়েকজন সেখানে গিয়ে পুলিশের সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্য সফরে যান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি। তার সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হয়।
সবার দেশ/কেএম




























