মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ড্রোন হামলায় সহায়তা, নিহত ৬ মার্কিন সেনা; মাস্কের ক্ষোভের কথা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।
মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাতে স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিলো বলে দাবি করেছে ‘ওয়াশিংটন পোস্ট’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক অভিযান শুরুর পর মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ক্ষেত্রে স্টারলিংকের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় স্টারলিংকের মাধ্যমে ইরান সহায়তা পেয়েছিলো। ওই হামলায় ছয় মার্কিন সেনাসদস্য নিহত হন।
গত মার্চে অনুমতি ছাড়া ইরানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ক্ষুব্ধ হয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাস্কের ক্ষোভ, গোপন প্রতিবেদন পেন্টাগনে
ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেয়া হয়েছিলো বলে ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) এ বিষয়ে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দফতরে এমন কোনও প্রতিবেদন জমা পড়ার তথ্য তাদের জানা নেই।
এ বিষয়ে রয়টার্স স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি।
যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের ব্যবহার নিয়ে বাড়ছে উদ্বেগ
ইউক্রেন ও ইরানের সংঘাতসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংকটে স্টারলিংকের ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে সামরিক অভিযানে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির ভূমিকা, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অননুমোদিত ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্টারলিংক পরিচালনার জন্য ইরানে আনুষ্ঠানিক অনুমোদন নেই। তা সত্ত্বেও ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন, দেশটিতে স্টারলিংক সেবা চালু রয়েছে।
ইন্টারনেট বন্ধ, গোপনে পাঠানো হয় হাজার হাজার টার্মিনাল
ইরান সরকার অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভের সময় নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত কিংবা পুরোপুরি বন্ধ করে দেয়ার নজির রয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ চলাকালেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিলো বলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে। এর ফলে দেশটির ইন্টারনেট অবরোধের মধ্যেও বিকল্প সংযোগ ব্যবহারের সুযোগ তৈরি হয়।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এমন পরিস্থিতিতে একদিকে সাধারণ মানুষের যোগাযোগের বিকল্প হিসেবে, অন্যদিকে সামরিক কর্মকাণ্ডে স্টারলিংকের সম্ভাব্য ব্যবহার প্রযুক্তিটির ভূরাজনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ঝুঁকি নতুন করে সামনে এনেছে।
সবার দেশ/এমকেজে




























