Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৩০ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবির ব্যানারে এমন বিভ্রান্তিকর ও গুরুতর ভুল তথ্য প্রকাশের ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসার পর ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ বন্ধ করার পাশাপাশি ইতোমধ্যে বিতরণ করা কপি ফেরত নেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় জনসংযোগ দফতরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে কয়েকজনকে মোনাজাত করতে দেখা যায়। তাদের পেছনে থাকা একটি কালো ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

কিন্তু একই ব্যানারের ঠিক ওপরের অংশে ছোট অক্ষরে লেখা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। শুধু তাই নয়, ব্যানারের বাম পাশে থাকা একটি ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের ছবির সঙ্গে শেখ ফজিলাতুন নেছা মুজিবের পরিচয় ও শেখ হাসিনার সঙ্গে তার মাতৃত্বের সম্পর্ক জুড়ে দেয়া হয়েছে। ফলে ক্যালেন্ডারের ওই পাতায় একই সঙ্গে দুই ভিন্ন রাজনৈতিক পরিবারের পরিচয় ও তথ্য একাকার হয়ে গেছে।

একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশনায় এমন ভুল কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, তথ্য যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ অতিক্রম করার পরও কীভাবে এ ধরনের গুরুতর অসংগতি কারও নজরে এড়ালো, তা নিয়েও আলোচনা চলছে।

ঘটনার পর জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে এমন ভুল তথ্য প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনাকে সংশ্লিষ্ট কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্ব পালনে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জনসংযোগ দফতরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাশাপাশি জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপ-পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিলো। সম্মেলনে বিতরণ করা ক্যালেন্ডারের ভুলটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।

এর অংশ হিসেবে ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফেরত নেয়ার উদ্যোগ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে, কোন পর্যায়ে ভুল হয়েছে এবং কারা এর জন্য দায়ী, তা নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে। প্রকাশনার প্রতিটি পর্যায়ে যথাযথ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দায়িত্ব পালনে অসচেতনতা ও অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।

তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রচলিত বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারের মতো গুরুত্বপূর্ণ প্রকাশনায় এমন গুরুতর ভুল শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং প্রকাশনা ব্যবস্থাপনায় তথ্য যাচাই ও সম্পাদনার প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন সামনে এনেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল