Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ২৮ নভেম্বর ২০২৬

কেন্দ্রে অভিযোগের স্তূপ, বহিষ্কার-শোকজ অব্যাহত

আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি

আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, পুনর্বাসন কিংবা আইনি সহায়তা দেয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের গ্রেফতার এড়াতে সহায়তা করা কিংবা থানা থেকে ছাড়িয়ে নেয়ার তদবিরে জড়িতদের বিরুদ্ধে নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা।

ইতোমধ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার, পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। তবে কঠোর সতর্কবার্তার পরও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগ আসছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। এসব অভিযোগ জমা হচ্ছে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। অভিযোগ যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, কিছু অভিযোগ আসছে, যেগুলো যাচাই-বাছাই করে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রমাণসাপেক্ষে আরও ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট জানিয়ে তিনি বলেন, 

দলীয় শৃঙ্খলাভঙ্গ করলে যত বড় নেতাই হোক, সাংগঠনিকভাবে শাস্তির আওতায় আনা হবে। বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

কঠোর বার্তা হাইকমান্ডের

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পলাতক হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতার অভিযোগের মধ্যে বিএনপির তৃণমূল থেকেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর আসতে থাকে—দলের কিছু নেতাকর্মী আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

এ পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে দেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক ও আইনি সহায়তা দেয়ার অভিযোগে বিএনপি এবং অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

গত ৩১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করছেন। বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানান তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কারা সহযোগিতা করছেন, তাদের আশ্রয় দিচ্ছেন কিংবা রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছেন—এ নিয়ে দলের ভেতরে নজরদারি ও আলোচনা বাড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে আশ্রয় বা সহযোগিতা করলে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ও অঙ্গসংগঠনের নেতাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা পর্যায়েও এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, আশ্রয় দেয়া, গ্রেফতারের পর থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা জামিনের জন্য তদবির করার অভিযোগ খতিয়ে দেখছে বিএনপির হাইকমান্ড। এসব অভিযোগের তথ্য-প্রমাণ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ভিডিও ছড়িয়ে পড়তেই বহিষ্কার

সর্বশেষ গত বুধবার বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, সম্প্রতি বগুড়ার আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হলে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, দলের কেউ যদি খুনিদের সঙ্গে সম্পর্ক রাখে, জ্বালাও-পোড়াও ও নাশকতাকারীদের সহায়তা করে, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিএনপির চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদের ফ্যাসিস্টদের সহায়তা না করার বার্তা দিয়েছেন। তার নির্দেশনা ও সতর্কতা পালনে কেউ ব্যর্থ হলে সাংগঠনিক নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ-সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ দল হলেও বিভিন্ন এলাকায় আনাচে-কানাচে, গ্রামে, পাড়া-মহল্লায় লুকিয়ে থেকে বিএনপির আত্মীয়স্বজনের পরিচয় ব্যবহার করে আনাগোনা করছে। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার—যারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের দলে স্থান হবে না।

পাবনা ও সিলেটে ব্যবস্থা

গত ১৯ থেকে ২২ নভেম্বর পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় কয়েকজন আহত হন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে পুলিশ। এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে গত ২২ নভেম্বর বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা বিএনপি।

গত ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভিযানে বাধা দেয়ার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে বহিষ্কার করে সিলেট জেলা বিএনপি।

দলীয় সূত্রের দাবি, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনপির নেতাদের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মামলা ছাড়াও জুলাই হত্যাকাণ্ডের মামলা এবং আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনের সঙ্গে জড়িত নেতাকর্মীরা গ্রেফতার হওয়ার পর তাদের ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপি নেতারা থানায় হস্তক্ষেপ করছেন।

অভিযোগ রয়েছে, কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে, আবার কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ কারণে বিএনপির পাশাপাশি দলটির অঙ্গসংগঠনগুলোও ব্যবস্থা নিচ্ছে।

যুবদল-ছাত্রদলেও বহিষ্কার

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পালিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানে আড়াই বছর আত্মগোপনে থাকার পর দণ্ডিত হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে প্রায় দেড় মাস আগে বাংলাদেশে ফেরেন তিনি। পরে বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন মোশাররফ।

গত মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গত বুধবার যুবদল কর্মী আজহারুল ইসলামকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

এদিকে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নেয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ দলকে সহায়তার অভিযোগে সম্প্রতি যুবদলের আরও কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল, তথ্য যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সহসম্পাদক মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার আদর্শ সদর উপজেলার সদস্য বাবুল মিয়া।

তবে আনিসুর রহমান ও রবিউল ইসলাম তুহিনের বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে।

যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগে যে কোনও নেতাকর্মীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১১ নভেম্বর মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

নয়াপল্টনে অভিযোগের স্তূপ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়া অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেয়ার অভিযোগ।

গত অক্টোবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

জেলা বিএনপির এক চিঠিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে ওই দুই নেতা বিভিন্ন অনৈতিক, নীতিবিবর্জিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

লক্ষ্মীপুর জেলা থেকেও অভিযোগ জমা পড়েছে। জেলার রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। তাদের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বিএনপি নেতাদের নির্বাচনি কার্যক্রমে যুক্ত হচ্ছেন?

পাবনা জেলা থেকেও একটি অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান তানভীর ইসলাম—আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে—গ্রেফতার হন। রহস্যজনকভাবে সেদিন রাতে তাকে ছাড়াতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ার হোসেন আলমকে থানায় অবস্থান করতে দেখা যায়। অভিযোগে মনোয়ার হোসেন আলমকে আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তথ্য-প্রমাণ যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে কঠোর অবস্থান বজায় রাখার বার্তা এখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা