জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মীর মৃত্যু, গুলিবিদ্ধ ২; এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও একাধিক স্থাপনায় আগুন।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ব্যাপক ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও একাধিক স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সেপাহি। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
তবে গুলিবিদ্ধ দুজনের খবর নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
ভোর থেকেই অবরোধ, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ
এর আগে ভোরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা একপর্যায়ে সেখান থেকে সরে যান।
বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, ২০ মোটরসাইকেলে আগুন
বিএনপির নেতাকর্মীরা সরে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
সুপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন
সংঘর্ষ ও অবরোধের মধ্যে পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট এবং পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয়ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
অগ্নিসংযোগে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একাধিক স্থাপনায় আগুন, সড়কে বিস্ফোরণ এবং দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নাওডোবা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত, ব্যাহত যান চলাচল
সকাল থেকে সংঘর্ষ, অবরোধ ও বিস্ফোরণের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যান চলাচল ব্যাহত হয়। সড়কে যানবাহন আটকে পড়ায় যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
একই এলাকায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি, গুলিবিদ্ধ হওয়ার খবর এবং একাধিক স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংঘর্ষের প্রকৃত কারণ, হতাহতদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
সবার দেশে/এমকেজে




























