Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩২ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন এবং রাজশাহী বিভাগে ২৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ এ বিভাগেই মারা গেছেন ১৫১ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিলো। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই মাসে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৮৬ জন।

এক দিনে ১০ জনের মৃত্যু এবং প্রায় দুই হাজার নতুন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। বিশেষ করে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগসহ বিভিন্ন এলাকায় রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি