Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যে সতর্কবার্তা চালুর আহ্বান

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬
ফাইল ছবি

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, প্যাকেটের সামনে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা সহজেই ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব খাবার গ্রহণের প্রবণতা ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিলো প্রায় ১ কোটি ৩৯ লাখ। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। একই সময়ে দেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয়ের পরিমাণ ছিলো প্রায় ১২ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, অতি-প্রক্রিয়াজাত খাবার ও পানীয়ের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে এসব খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি থাকলেও সাধারণ ভোক্তাদের পক্ষে মোড়কের তথ্য দেখে ক্ষতিকর উপাদানের মাত্রা সহজে বুঝে ওঠা কঠিন। ফলে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা কেনার আগেই পণ্যটির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাবেন এবং তুলনামূলক নিরাপদ খাবার বেছে নিতে পারবেন।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। অন্যদিকে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে লবণ, চিনি ও চর্বির পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি। এ অবস্থায় খাদ্যপণ্যের মোড়কে কার্যকর সতর্কবার্তা চালু করা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় আরও উঠে এসেছে, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেল বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই ডায়াবেটিসসহ খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে এ ধরনের ব্যবস্থা দ্রুত কার্যকর করার ওপর জোর দেয়া হচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। প্রতিষ্ঠানটির মতে, প্রবিধানমালা চূড়ান্ত করার ক্ষেত্রে কোনও ধরনের শিথিলতা, অব্যাহতি বা অযৌক্তিক বিলম্ব গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে খাদ্যপণ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালু করতে হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপাদানের উপস্থিতি সম্পর্কে জানা ভোক্তার অধিকার।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কোনও ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা চালু করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, ডায়াবেটিস প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়ন জরুরি। খাদ্যপণ্যের মোড়কে বাধ্যতামূলক সতর্কবার্তা চালু হলে ভোক্তারা কেনাকাটার সময় স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত নিতে পারবেন। এতে দীর্ঘ মেয়াদে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি