এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় ঝটিকা মিছিল শেষে ফেরার পথে এক নিরাপত্তা প্রহরীর ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে শুক্রবার রাতে নিরাপত্তা প্রহরীর ইট-পাথর ছুড়ে ধাওয়া দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী পৌরসভা শাখার ব্যানারে কয়েকজন নেতাকর্মী এলাকায় ঝটিকা মিছিল করেন। মিছিল শেষে দ্রুত এলাকা ছাড়ার সময় রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মিছিলকারীদের এক যুবকের ধাক্কা লাগে।
এ সময় ওই যুবক নিরাপত্তা প্রহরীকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রহরী। একপর্যায়ে ওই যুবকের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছবি দেখতে পেয়ে তিনি ইট-পাথর ছুড়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এতে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী দিগ্বিদিক ছুটে পালিয়ে যান।
এদিকে ছাত্রলীগের মিছিলের ৩৩ সেকেন্ডের একটি পৃথক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন তরুণ-যুবককে মিছিল করতে দেখা যায়। তাদের অধিকাংশের মুখে মাস্ক, মাথায় ক্যাপ এবং হাতে লাঠি ছিলো। মিছিল থেকে দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি রঙিন ধোঁয়া ছড়াতেও দেখা যায়।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সবার দেশ/কেএম




























