Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৭, ২৯ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের

জাজিরায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বিএনপির সমাবেশস্থল ভাঙচুর ও ২০ মোটরসাইকেলে আগুন। দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নেতাকর্মীরা।

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, দফায় দফায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন এবং নাওডোবা গোলচত্বরে একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচি শুরু করেন। পরে তারা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নেতাকর্মীরা

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিতে দেখা যায়। এ সময় ধারাবাহিক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং বিস্ফোরণের ধোঁয়ায় সড়কের একাংশ আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সকালে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা ও সংঘর্ষের মুখে বিএনপির নেতাকর্মীরা একপর্যায়ে সেখান থেকে সরে যান।

বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

বিএনপির নেতাকর্মীরা সরে যাওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় সেখানে রাখা বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

এরপর নাওডোবা গোলচত্বর এলাকায় ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং একটি খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা কিংবা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়ার দৃশ্যও দেখা গেছে।

৪৫ মিনিট বন্ধ ছিলো পদ্মা সেতুতে যান চলাচল

অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। একই সঙ্গে পদ্মা সেতুতেও প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানোর আশঙ্কায় পুলিশ আগেই সতর্ক অবস্থানে ছিলো। এ কারণে সারা রাত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়।

তিনি বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ কোনও প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পরিস্থিতি স্বাভাবিক, উদ্ধার করা হয়েছে আলামত

পুলিশের দাবি, তাদের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সড়ক অবরোধ, বিস্ফোরণ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ এবং পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার