ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
প্রাণনাশের হুমকিতে ওয়াশিংটন ছেড়ে সুরক্ষিত আবাসনে অর্ধডজন শীর্ষ কর্মকর্তা, জনবিচ্ছিন্নতার বিতর্ক।
ইরানের হামলা ও প্রাণনাশের হুমকির আশঙ্কায় ওয়াশিংটনের সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনে বসবাস শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রায় অর্ধডজন শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনায় আশ্রয় নিলেও, সাধারণ নাগরিকদের জীবন থেকে প্রশাসনের নীতিনির্ধারকদের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরানের সম্ভাব্য হামলা, প্রাণনাশের হুমকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সামরিক আবাসনে স্থানান্তরিত হয়েছেন। এসব আবাসন মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্মিত এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত হয়।
সিএনএনের চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে বলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখন সামরিক আবাসনে বসবাস করছেন।
নিরাপত্তার আড়ালে জনবিচ্ছিন্নতা?
ওয়াশিংটনকে অনিরাপদ আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসন রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। একই সঙ্গে হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ ও সরকারি গলফ কোর্স সংস্কারের মতো উদ্যোগ চলছে। অথচ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাই নিরাপত্তার অজুহাতে রাজধানীর সাধারণ জনপদ ছেড়ে সামরিক ঘাঁটির দেয়ালঘেরা আবাসনে আশ্রয় নিচ্ছেন।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেসনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান মনে করেন, এ প্রবণতা সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের জীবন থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে।
তিনি বলেন, দায়িত্বের কারণে সরকারি কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠান কিংবা বাসায় যাতায়াতের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিন্তু এখন তারা সাধারণ মানুষের পাড়া-মহল্লায়ও বসবাস করছেন না।
কানের ভাষায়, এটি সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে তুলছে, যা অত্যন্ত দুঃখজনক।
সামরিক আবাসন নিয়ে তদন্তের দাবি
সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের উদ্বেগ, এসব কর্মকর্তা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না, সামরিক আবাসনে তাদের অবস্থানের আইনি ভিত্তি কী এবং স্থানান্তরের যৌক্তিকতা কতটা।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে হাউস আর্মড সার্ভিসেস কমিটির অনুমোদিত নির্দেশনা অনুযায়ী, এসব বিষয়ে পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
হোয়াইটসাইডসের মতে, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বসবাসের ক্ষেত্রে ন্যায্য ভাড়া নিশ্চিত করা জরুরি। এ নিয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত।
প্রাণনাশের হুমকি পেয়েছেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের প্রাসাদ ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসেন্ট জানিয়েছেন, ইরানের প্রাণনাশের হুমকির কারণেই তিনি বাসস্থান পরিবর্তন করেছেন।
চলতি মাসে সিএনবিসির ‘স্কোয়াকবক্স’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি নেতৃত্ব নিপাত যাক। আমি ভীত নই। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা ভয় পাবো না।
অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও নিরাপত্তা উদ্বেগে সম্প্রতি সামরিক ঘাঁটিতে উঠেছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক আবাসনে ছিলেন।
বাড়ির সামনে বিক্ষোভ, ব্যক্তিগত তথ্য ফাঁস
শুধু বিদেশি হুমকি নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও প্রশাসনের কর্মকর্তাদের বাসস্থান পরিবর্তনে ভূমিকা রাখছে। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর এ উদ্বেগ আরও বেড়েছে।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি মিলার চার সন্তানসহ গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান। তাদের বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করে ঠিকানাসংবলিত প্রচারপত্র বিলি করেছিলেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মিলার দম্পতির বাসভবনকে কেন্দ্র করে সুপরিকল্পিত অনুসরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির প্রচারণা চলছিল। নিরাপত্তার কারণেই তাদের স্থানান্তর করা হয়।
আবাসন ব্যয় নিয়েও বিতর্ক
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সামরিক আবাসন সংস্কারে ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নেয়ার খবর প্রকাশিত হলে গত বছর আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
সামরিক আবাসনভেদে কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের আবাসনসংক্রান্ত সিদ্ধান্তের পর এ ভাড়া কাঠামো নির্ধারিত হয়েছিলো। ২০০৮ সালে আইন পরিবর্তনের ফলে প্রতিরক্ষামন্ত্রী ও পরবর্তী কর্মকর্তারা চার তারকা জেনারেলের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি হারে আবাসন ভাড়া দেয়ার সুযোগ পান।
২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর আবাসনে থাকতে চাইলে বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। নৌবাহিনীর অভ্যন্তরীণ মেমোতে ওই সিদ্ধান্তকে আইনি, আর্থিক, নৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে সমস্যাজনক বলা হয়েছিল। পরে পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটিতে চলে যান।
একই ঘাঁটিতে প্রতিবেশী রুবিও, হেগসেথ ও মিলার
একসময় রাজনৈতিক কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাস নিয়ে আপত্তি থাকলেও এখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ারের ‘জেনারেলস রো’ এলাকায় স্টিফেন মিলার দম্পতি, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রতিবেশী হিসেবে বসবাস করছেন।
কেটি মিলারের পডকাস্টে রুবিও ও তার স্ত্রী জানান, তাদের গোল্ডেনডুডল কুকুর ভুলবশত হেগসেথের বাড়িতে ঢুকে পড়েছিলো। রুবিও মজা করে বলেন, হেগসেথের একটি বিড়ালও প্রায়ই রাতে তার বারান্দায় বসে থাকতো, যেনো তাকে প্রশ্ন করছে—তুমি এখানে কী করছো?
ফোর্ট ম্যাকনেয়ার পরিদর্শন করা টমাস কান ঘাঁটিটিকে নিজস্ব দোকান ও টেনিস কোর্টসমৃদ্ধ এক আলাদা জগৎ হিসেবে বর্ণনা করেন। তার মতে, পুরো এলাকা দেয়ালঘেরা হওয়ায় সেখানে এক ধরনের পরাবাস্তব পরিবেশ তৈরি হয়েছে।
নিরাপত্তা হুমকি বাড়ায় সরকারি কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাসের প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ ব্যক্তিরা সাধারণ মানুষের জীবন ও জনপদ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন—এমন প্রশ্নও সামনে আসছে।
সূত্র: সিএনএন
সবার দেশ/এমকেজে




























