আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
শ্বেতপত্রের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতির বক্তব্য, বছরে গড়ে পাচার ১৬ বিলিয়ন ডলার।
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে ২০২৪ সালের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি এ কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, এ সময়ে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেয়া হয়েছিলো।
অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। এ বিপুল অর্থপাচার দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার দেশের জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশের সমান।
দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আর্থিক খাতের প্রকৃত সংকট নিরূপণে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।
সবার দেশ/এমকেজে




























